ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল প্রার্থীদের পোস্টার ছিঁড়ার অভিযোগ উঠল ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নং ব্লকের অন্তর্গত পাঞ্জিপাড়া এলাকায়। দলের তরফে জানা যায়, বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থীদের পোস্টার কে বা কারা ছিঁড়ে দেয় বলে অভিযোগ। কিন্তু ঘটনাটি নজরে আসে শুক্রবার সকালে। এই মর্মে তৃণমূলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তথা প্রার্থী মহম্মদ রাহিক অভিযোগ করে বলেন, এই অঞ্চলে ফরওয়ার্ড ব্লকের পায়ের তলার মাটি সরে গেছে, তাই তারা এমন নোংরা রাজনীতি শুরু করেছে। সেই সঙ্গে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, এমন ঘটনা পরবর্তীতে ঘটলে তারা যে আর মেনে নেবেন না তাও তিনি স্পষ্ট করে দেন।
অন্যদিকে, ফরওয়ার্ড ব্লকের এক নেতা মহম্মদ সহরাব জানান, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিগত কয়েক দিনে তাদের পতাকা পোড়ান হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কিন্তু এক্ষেত্রে তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে তৃণমূল প্রার্থীরা। সেই সঙ্গে তিনি জানান, পঞ্চায়েত নির্বাচন সুস্থ, অবাধ ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হোক।