বাড়িতে গৃহবধূকে একা পেয়ে ধর্ষণের ঘটনা ঘটল হবিবপুর থানার আগ্রা হরিশচন্দ্রপুর এলাকায়। শুধু তাই নয় প্রমান লোপাটের জন্য ধর্ষিতার গায়ে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করল ধর্ষক। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মালদা জেলায়। অগ্নিদগ্ধ এই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ করা হয়েছ হবিবপুর থানাতে। তবে অভিযুক্ত এখনও অধরা।
গৃহবধুর পরিবারের অভিযোগ শনিবার সন্ধ্যার সময় এই ঘটনা ঘটেছে। এলাকার যুবক শঙ্কর রায় বাড়িতে এই গৃহবধুকে একা পেয়ে শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। এরপর বিষয়টি পরিবারের সদস্যদের জানালে মেরে ফেলা হবে বলে হুমকীও দেয় অভিযুক্ত। কিন্তু বিষয়টি গৃহবধু তার শ্বাশুড়িকে জানায়। এরপরই বিষয়টি জানাজানি হয় গ্রামে। এই বিষয়টি অভিযুক্ত শঙ্কর রায় জানতে পেরে রাতে ওই গৃহবধুর বাড়িতে ঢুকে তার গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্ত যুবক। গৃহবধুর চিৎকারে স্থানীয় বাসিন্দারা জড়ো হতেই পালিয়ে যায় অভিযুক্ত। এরপর অগ্নিদগ্ধ গৃহবধুকে স্থানীয়রা উদ্ধার করে হবিবপুর থানার বুলবুলচন্ডী আরএনরায় গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গৃহবধুকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গেছে এই গৃহবধুর স্বামী কর্মের সূত্রে ভিন রাজ্যে রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।