গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য ৩ জন উপাচার্যকে নিয়ে তৈরি হল সার্চ কমিটি। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার কলকাতায় উপাচার্যদের নিয়ে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। সেই বৈঠকেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য দ্রুত ব্যবস্থা নিতে বলেন শিক্ষামন্ত্রী। যে ৩ জন উপাচার্যকে নিযে সার্চ কমিটি গঠন করা হয়েছে তাঁরা হলেন, আচার্য তথা রাজ্যপালের প্রতিনিধি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সব্যসাচী বসুরায় চৌধুরি, রাজ্য সরকারের প্রতিনিধি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবির এস ভট্টাচার্য এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালের প্রতিনিধি বর্ধমান বিশ্ববিদ্যালের উপাচার্য নিমাইচন্দ্র সাহা। গত ১২ মার্চ উচ্চ শিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেন্দ্র প্রসাদ শুক্লার স্বাক্ষর করা চিঠি পেয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, ২০১৭-র ১ ডিসেম্বর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী হিসেবে উপাচার্যের দায়িত্বভার নেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক স্বাগত সেন। যেহেতু ৬ মাসের জন্য স্বাগত সেনকে উপাচার্য করে পাঠানো হয়েছে, তাই এই ৬ মাসের মধ্যেই স্থায়ী উপাচার্যের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার।
এই প্রসঙ্গে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার সাধনকুমার সাহা জানিয়েছে, ৩ জন উপাচার্যকে নিয়ে সার্চ কমিটি তৈরি করা হয়েছে। যার চেয়ারম্যান রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সব্যসাচী বসুরায় চৌধুরি। তিনি আবার আচার্য তথা রাজ্যপালের নমিনি। বুধবার তাঁরই সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খুব শীঘ্রই আমরা স্থায়ী উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করব।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/kjTWOHjqpMY