উত্তরদিনাজপুর

সুফল বাংলার স্টল হতে চলেছে উত্তর দিনাজপুর জেলায়

এবার সুফল বাংলার স্টল বসতে চলেছে উত্তর দিনাজপুর জেলায়। শুক্রবার দুপুরে কর্নজোরায় অবস্থিত জেলাশাসকের দপ্তরে বিবেকানন্দ সভাগৃহে এই মর্মে এক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ও কৃষি বিপণন আধিকারিকরা হাজির ছিলেন। এছাড়াও হাজির ছিলেন রাজ্য কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক আয়েষা রানী, দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক শরৎ কুমার দ্বীবেদি, ইটাহারের বিধায়ক অমল আচার্য, ইসলামপুরের বিধায়ক কানাইলাল আগরওয়াল সহ জেলার সবকটি ব্লকের বিডিও ও পুরপতিরা। এই স্টল তৈরি করার জন্য জেলায় মোট ছয়টি জায়গা চিহ্নিত করার জন্য জেলা শাসককে এমন নির্দেশ দিলেন রাজ্য কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। উল্লেখ্য, মাত্র আড়াই মাসের মধ্যে আলিপুরদুয়ার জেলার সুফল বাংলার স্টলে লাভের পরিমাণ ছাড়িয়েছে তিনলক্ষ টাকা। ২০১৬ সালের ২৬ ডিসেম্বর আলিপুরদুয়ার মহকুমা শাসকের দফতরের সামনে সুফল বাংলার স্টল চালু করে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। আর তারপর থেকে এখনও পর্যন্ত প্রায় সাত লক্ষ টাকার ব্যবসা হয়েছে ওই স্টলে। ফলে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি সরকারি সুফল বাংলার স্টল যে বড়সড় সাফল্য লাভ করেছে তা বলাই বাহুল্য।

        এই বিষয়ে মন্ত্রী বলেন, সুফল বাংলার স্টলে কৃষকদের উৎপাদিত টাটকা ফসল সরাসরি কিনতে পারবে ক্রেতারা। এরফলে একদিকে ক্রেতারা যেমন কমদামে সবজি ক্রয় করার সুযোগ পাবে অন্যদিকে কৃষকরাও লাভবান হবেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা তৈরি আচার, ঘি, চাল, মধু মিলবে এই স্টলে বলে জানা যায়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/8UShzmnkV-U