২০০৯-২০১০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের অনশনরত পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো তাদের অভিভাবকেরা। সোমবার ফল প্রকাশের দাবীতে তারা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে ঘেরাও করে। শুরু হয় তুমুল বিক্ষোভ। খবর পেয়ে ইংরেজ বাজার থানা থেকে বিশাল পুলিশ ও র্যাফ বাহিনী প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরে পৌঁছায়। অভিভাবকদের এই বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
ঘেরাও কারী এক অভিভাবক ইতি মণ্ডল বলেন, সম্প্রতি হাই কোর্ট নির্দেশ দিয়েছে এই ফল প্রকাশ করার জন্য । কিন্তু অদ্ভুত কারনে জেলা প্রাথমিক শিক্ষা সাংসদ ফল প্রকাশ করছে না। এত জন পরীক্ষার্থী অন্ধকার ভবিষ্যতের দিকে চলে যাচ্ছে । ফল প্রকাশের ন্যায্য দাবীতে তারা মুখ্যমন্ত্রীর মালদা সফরের আগের দিন থেকে অনশন শুরু করেছে । অন্যান্য রাজনৈতিক দলরা তাদের কাছে গেলেও এক বারও এই অনশনকারীদের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি প্রাথমিক শিক্ষা সংসদের কর্তাব্যক্তিরা । ইতি মধ্যেই কয়েকজন অনশনকারী ছাত্র ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে বড় ধরনের ঘটনার ঘটে যাবে । আমাদের দাবী এই ফল প্রকাশ করা হোক । যতক্ষণ না ফল প্রকাশ হবে ততক্ষণ আমরাও আমাদের ধরনা চালিয়ে যাব ।
জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুণ্ডু বলেন, আদালত ফল প্রকাশের নির্দেশ দেওয়ার পরে পরেই কেউ এক জন নতুন করে কোর্টে অ্যাপিল করেছে। সেই কারনেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না আসা পর্যন্ত আমি এই ফল প্রকাশ করতে পারছি না। তবে আদালত এই ফল প্রকাশের উপর কোন স্থগিতাদেশ দিয়েছে কি না তা তিনি স্পষ্ট ভাবে বলতে চান নি।