উত্তরদিনাজপুর

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ফের রায়গঞ্জের দক্ষিণ সোহারই এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের তান্ডব

রাতের অন্ধকারে দুষ্কৃতী তান্ডব। ফলে আশান্তির পরিবেশ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দক্ষিণ সোহারই এলাকায়। রাতে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে এবং দুষ্কৃতিদের গ্রেপ্তারের দাবিতে এলাকার মহিলা সকলে একত্রিত হয়ে পড়ে থাকা গুলির খোল নিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

        জানা গেছে, রবিবার মাঝ রাতে রায়গঞ্জের দক্ষিণ সোহারই এলাকায় একদল দুষ্কৃতী বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। এলাকাবাসীর অভিযোগ, শাসক দলের দুষ্কৃতীরা বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে ভয় ও সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রাখার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে। রাতেই মহিলারা রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সোমবার সকালে অভিযোগের ভিত্তিতে মহিলাদের থানায় ডাকা হলে সব মহিলা একত্রিত হয়ে থানায় যায়। রাতের এমন ঘটনা ঘটায় এলাকার মানুষজন বেশ আতঙ্কিত। এই ঘটনার বিরোধে কে বা কারা এলাকার একটি তৃনমূল দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। 

        এলাকার কংগ্রেস প্রার্থী তুলসি বিশ্বাস অভিযোগ করে বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধী প্রার্থীদের বেছে বেছে হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতি। এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে তারা। অবাধ এবং শান্তিতে ভোট করা, এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য পুলিশের কাছে দাবী জানানো হয়েছে। পুলিশ দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে সামিল হবার হুমকি দিয়েছেন দক্ষিণ সোহারই এলাকার মহিলারা।

        যদিও বিরোধী দলের সমস্ত অভিযোগ অস্বীকার করে এলাকার তৃণমূল প্রার্থী সম্পা বিশ্বাস জানান, এদিন গভীর রাতে বেশ চিৎকার ও গণ্ডগোলের শব্দ পান। ছুটে এসে দেখেন বাইরে প্রচুর মানুষের ভীর। তারাই তাদের দলীয় কার্যালয়ে আক্রমণ করে সেখানে ভাঙচুর চালায়। যদিও গুলি চালানর ঘটনাটি সম্পূর্ণ ভাবে অস্বীকার করেন তিনি।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/QiCgEZJtVbU