উত্তরদিনাজপুর

বাবার মারের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে মেয়ে খুনের ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করল পুলিশ

গ্রেপ্তার করা হলো মেয়েকে খুনের অভিযোগে অভিযুক্ত বাবা প্রদীপ দাস কে। নেশাগ্রস্ত বাবার মারের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে নৃশংস ভাবে খুন হয়েছিল মেয়ে। গত ২৭ অক্টোবর ঘটনাটি ঘটেছিল উত্তর দিনাজপুর জেলার  রায়গঞ্জের গৌরি গ্রামে। মৃত মেয়ের নাম পলি দাস। সে মারাইকুড়া ইন্দ্রোমোহন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল। গতকাল রাতে রায়গঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে বাবা প্রদীপ দাসকে।

        স্থানীয় সূত্রে খবর, মৃত ওই পড়ুয়া পলি দাসের বাবা প্রদীপ দাস গাঁজার নেশা করে প্রায়দিনই মা সুচিত্রা দাসকে মারধর করত। প্রায়দিনই বচসা লেগেই থাকত। ২৭ অক্টোবর সকালে তাদের মধ্যে বচসা তুমুল আকার নিলে সুচিত্রা দেবীকে শাবল দিয়ে মারতে উদ্যত হয় প্রদীপ দাস। এরপরেই বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে মাকে বাঁচাতে পারলেও শাবলের আঘাত গিয়ে পড়ে পলির মাথায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরেছিল পলি। তারপর ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

        উল্লেখ্য, ধৃত প্রদীপ দাস তার বাবা পরেশ দাসকেও খুন করেছিল এবং দীর্ঘদিন কারাবাসেও ছিল সে। রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, " প্রদীপ দাসকে রায়গঞ্জ রেল স্টেশন থেকে ধরা হয়েছে। আজ ধৃত প্রদীপ দাসকে রায়গঞ্জ আদালতে তোলা হয় এবং ধৃতকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে বলে জানা যায়।