মালদা

বাবার মদের টাকার বলি দেড় বছরের শিশু সন্তান

মদের টাকা না দেওয়ায় স্ত্রী ও দেড় বছরের শিশু সন্তানকে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিলো স্বামী। অগ্নিদগ্ধ হয়ে ওই শিশুটির মৃত্যু হয়েছে। গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত স্বামীকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকায়। 
                অভিযুক্ত স্বামীর নাম মিঠু সিংহ। পেশায় কাঠ মিস্ত্রী। গত তিন বছর আগে ওই এলাকার বাসিন্দা সোনালী সিংহ(২৬)এর সাথে বিয়ে হয়। তাদের বছর দেড়েক আগে পুত্র সন্তান হয়। তার নাম শিবং সিংহ। দীর্ঘদিন ধরেই অভিযুক্ত মিঠু মদ্যপ। প্রায় নেশা করে পরিবারের সদস্য ও পাড়া প্রতিবেশীদের সাথে মদ্যপ অবস্থায় গোলমাল ও মারামারি করে বলে অভিযোগ। এদিন মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে স্ত্রীর কাছে মদ্য পানের টাকা চায়। আর সেই টাকা দিতে অস্বীকার করে স্ত্রী। এরপরই ঘরে থাকা কেরোসিন তেল স্ত্রীর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়। সেই আগুন গোটা ঘরে ছড়িয়ে পরে। সেই সময় বিছানায় শুয়ে থাকা শিশুটিও রেহায় পায়নি। আগুন লেগে যায় তার শরীরেও। ঘটনায় স্থানীয় গ্রামবাসীরা ছুটে এসে মা ও সন্তানকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তাদের অবস্থা খারাপ থাকায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে শিশুটির মৃত্যু হয়। গৃহবধূ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার পর মদ্যপ স্বামীকে গ্রামবাসীরা পুলিশের হাতে তুলে দিয়েছে। এই ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।