উত্তরদিনাজপুর

সেনা নামিয়েও নির্ধারিত সময়ে চালু হল না বিহারের আঝরাইলের রেললাইনের ওপর দিয়ে রেল চলাচল

সেনা নামিয়েও নির্ধারিত সময়ে চালু করা গেলনা বিহারের আঝরাইলের রেললাইনের ওপর দিয়ে রেল চলাচল। তবে গতকাল সেনা দিয়ে মেরামত করা রেললাইনের ওপর দিয়ে রেলইঞ্জিন চালানোর পর আজ পরীক্ষামূলকভাবে মালগাড়ি চালানো হচ্ছে। রেলকর্তাদের অনুমান ১ সেপ্টেম্বর থেকে রেল চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওই ট্র‍্যাকে ১০ কিলোমিটার স্পীড লিমিট রাখা হতে পারে। 

            গত ১১ আগস্ট রাতে বন্যার জলের স্রোতে বিহারের আঝরাইল স্টেশন সংলগ্ন ৬০ মিটার এলাকা জুড়ে রেললাইনের নীচের মাটি ধসে চলে যায়। ঝুলে পরে রেললাইন। বিচ্ছিন্ন হয়ে যায় উত্তরপূর্ব ভারতের সাথে সমগ্র ভারতের রেল যোগাযোগ। ১৪ আগস্ট থেকে রেলদপ্তর ধসে যাওয়া এলাকায় বড় বড় বোল্ডার ফেলে ভরাট করার কাজ শুরু করে। কিন্তু রেল দপ্তরের কর্মীদের কাজ করতে সমস্যা হয়। গত ২১ আগস্ট দ্রুত কাজ সম্পন্ন করার জন্য নামানো হয় সেনাবাহিনী। গত সাতদিন ধরে যুদ্ধকালীন তৎপরতায় সেনা ও রেলকর্মীরা মিলে ধসে যাওয়া অংশে বোল্ডার ফেলে তার ওপর সি সি ক্রিব বসিয়ে বসানো হয় রেললাইন। গতকাল রেলইঞ্জিন চালানোর পর আজ পণ্যবাহী মালগাড়ি পরীক্ষামূলকভাবে চালানো হলো। উত্তরপূর্ব রেলওয়ে বিভাগের আশা আগামী ১ সেপ্তেম্বর থেকে রেলচলাচল শুরু করা যেতে পারে।