ব্যাঙ্গালুরুর বেসরকারি মেডিক্যাল কলেজ অ্যান্ড নার্সিং ইনস্টিটিউট হাসপাতালের হোস্টেল থেকে উদ্ধার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ। মৃত ওই ছাত্রীর নাম মৌসুমি রায়। প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা মনে হলেও ওই যুবতীর পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। বুধবার সকালে মৃতদেহ রায়গঞ্জে পৌঁছতেই ফের ময়নাতদন্ত করার দাবিতে রায়গঞ্জ থানায় ধর্না দেন মৃতার পরিজনেরা। মৃতার পরিবার সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ইটাহারের গুলন্দর এলাকার বাসিন্দা শিক্ষক আবদুল কালাম আজাদের মাধ্যমে রায়গঞ্জ বন্দর এলাকার বাসিন্দা মৌসুমি নার্সিং ট্রেনিং নিতে ভর্তি হয় ব্যাঙ্গালুরুর একটি মেডিক্যাল কলেজে।
মৃতার মামা ভক্ত কুমার রায়ের অভিযোগ, কয়েকমাস আগে গোয়ায় কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে ঘুরতে গিয়েছিল মৌসুমি। সেইখানেই রায়গঞ্জের বাসিন্দা মহম্মদ শ্রেয়াস রাজের সাথে আলাপ হয় মৌসুমির। এরপর থেকেই একটি আপত্তিকর ভিডিও ফুটেজ দেখিয়ে মৌসুমিকে ব্ল্যাকমেল করতে শুরু করে শ্রেয়াস রাজ। সম্প্রতি ওই ভিডিও ফুটেজ পাঠিয়ে মৌসুমির বিয়ের সম্পর্কও ভেঙে দেওয়ার অভিযোগ করেন ভক্ত বাবু।
ভক্ত বাবুর দাবি, গত ২৭ জানুয়ারি রাতেও মৌসুমির সাথে তাঁর এই সমস্যা নিয়ে দীর্ঘক্ষণ কথা হয়েছে। এরপর ২৮ জানুয়ারি সকালেই মৌসুমির আত্মঘাতী হওয়ার সংবাদ কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানতে পারেন তিনি। মৌসুমি আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন ভক্ত বাবু। এই বিষয়ে ব্যাঙ্গালুরু থানায় ও রায়গঞ্জ থানায় খুনের অভিযোগও দায়ের করেছেন তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/yCZAOdFo61Y