মালদা

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত পরিবারকে সহায়তা প্রদান করল কালিয়াচক ৩ নং ব্লকের বিডিও,বৈষ্ণবনগরের বিধায়ক সহ অন্যান্য সদস্যরা

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গিয়েছিল একটি গৃহস্থের বাড়ি। শনিবার বিকাল ৪টা নাগাদ ঘটনাটি ঘটে মালদার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চর সুজাপুর ধরনিমণ্ডল টোলা এলাকায়। এই ভয়াবহ অগ্নিকান্ডে ওই গৃহস্থ বাড়ির কন্যা সন্তানের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে অগ্নিকান্ডে ভস্মীভূত পরিবারের পাশে দাঁড়াল কালিয়াচক ৩ নং ব্লকের বিডিও খকন বর্মণ, বৈষ্ণবনগরের বিধায়ক স্বাধীন সরকার। ওই অগ্নিকান্ডে ভস্মীভূত পরিবারে খাবার, ত্রিপল তুলে দিয়ে সহয়তা করল তারা।

        জানা যায়, বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চরসুজাপুর ধরনিমণ্ডল টোলা এলাকার বাসিন্দা মন্টু মণ্ডল, পেশায় শ্রমজীবী। কর্মসূত্রে কখন ভিন রাজ্যে যান আবার কখন দিনমজুরের কাজ করে ছেলে ও মেয়ে নিয়ে সংসার চালান তিনি। বাড়িতে মজুত করা ছিল পাট। শনিবার বিকাল ৪টা নাগাদ মন্টুবাবুর স্ত্রী রান্না চাপিয়ে ঘরে চাল আনতে যায় এবং তৎক্ষণাৎ রান্নার উননের আগুন লাগে ওই পাটে। সেখান থেকে ঘরে থাকা মোটরবাইকে আগুন লেগে ব্লাস্ট হয়ে যায় মোটর বাইকটি। কোন রকমে তার স্ত্রী ঘর থেকে ছেলেকে নিয়ে পালিয়ে যায়, ঘরে শুয়ে থাকা ৬ মাসের কন্যা সিতি মণ্ডল ওই ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে মারা যায়। বাড়িতে থাকা ১৫ হাজার টাকা, পাট, ধান, গম, কলাই পুড়ে ভস্মীভূত হয়ে যায় আগুনের শিখায়। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর দেওয়া হয় পুলিশে, তারপর পুলিশ এসে ৬ মাসের কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।