তৃনমূলের সন্ত্রাস, বিজেপির দলীয় নেতা-কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে গ্রেফতারের দাবী জানিয়ে উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল জেলা বিজেপি।
বৃহস্পতিবার জেলা বিজেপি নেতৃত্ব সহ কর্মি সমর্থকেরা একটি ধিক্কার মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে এসে কর্নজোড়ায় অবস্থিত পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করে, অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপির নেতা, কর্মী - সমর্থকেরা। এই আন্দোলনকে ঘিরে উত্তেজনা ছাড়ায় কর্ণজোড়ায় পুলিশ সুপারের দফতরের সামনে। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফোনিং-এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
এবিষয়ে বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল দাম বলেন, তৃনমূলের সন্ত্রাস দিন দিন বেড়েই চলেছে, একদিকে বিজেপির নেতা কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে,অন্যদিকে ধর্ষণ ঘটনায় অভিযুক্ত থাকলেও চোপড়ার তৃণমূল বিধায়ককে গ্রেফতার করছে না পুলিশ। এইসবের বিরুদ্ধেই এদিন প্রতিবাদ জা্নাতে পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করে, অবস্থান বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। এই আন্দোলনে আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠ ভাবে পরিচালনা করার দাবীও জানানো হয়েছে বলে জানান নির্মল বাবু।