গত মঙ্গলবার ও বুধবারে প্রায় ১১টির বেশী গাড়ি পুড়ল সীমান্ত এলাকায়। ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুর বানিজ্যকেন্দ্রে পরিস্থিতি এমনই ভয়াবহ। জানা যায়, লড়ি পিছু ৫০০ থেকে ১০০০ টাকা তোলা দাবী করছেন এলাকার দুষ্কৃতিরা। তোলা না দিলে লড়ি পুড়িয়ে দিচ্ছে দুষ্কৃতিরা বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে পণ্য আমদানী-রপ্তানির ব্যবসায়ী থেকে লড়ির চালকেরা সকলেই। পরিস্থিতির ভয়াবহতার কথা ইংরেজবাজার থানার পুলিশ কর্তাদের জানানো হয়েছে। কিন্তু পুলিশ নির্বাক দর্শকের ভুমিকা পালন করছে বলে অভিযোগ। এই অবস্থায় কোটি কোটি টাকা লোকসান হচ্ছে ব্যবসায়ীদের।
লড়ি চালক দিবেস ঘোষ জানান, লড়ি পুড়িয়ে দেওয়ায় আতঙ্কিত আমরা। প্রশাসনিক নিরাপত্তা দেওয়া প্রয়োজন বলে জানান তিনি।
লড়ি চালক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি উজ্জ্বল ঘোষ জানান, এখন পর্যন্ত তিনটি পার্কিং-এর পাঁচটি লড়িতে আগুন লাগিয়েছে দুষ্কৃতিরা। চন্দ্র পার্কিং-এর একটি লড়িতে আগুন লাগিয়েছে এর ফলে ওই লড়ির আশেপাশে থাকা অন্য লড়িও পুড়ে যায়। বৃহস্পতিবারে যে সমস্ত গাড়িতে দুষ্কৃতিরা আগুন ধরিয়ে দেয়, তাদের মধ্যে প্রত্যেকটি গাড়িতে ছিল চাল। কিন্তু কে বা কারা এই কাজ করছে তা এখন জানা যায় নি।