মালদা

বামনগোলায় সুজৈল প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন ছাত্রছাত্রীদের নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে

বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের বামনগোলা পূর্বচক্রের সুজৈল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের বেহাল অবস্থা নিয়ে অভিযোগ। সুজৈল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের দেওয়াল ও ছাদে ফাটল ধরেছে, তবুও স্কুলের পুনর্নির্মাণ না হওয়ায় ছাত্রছাত্রীদের নিরাপত্তা এখন প্রশ্ন চিহ্নের মুখে ৷  বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা এই ব্যাপারে সরকারকে জানিয়েও কোন সুরাহা হয়নি । সকলের প্রশ্ন একটাই বিপদ ঘটলে দ্বায় ভার কে নেবেন? ছাত্রছাত্রীদের নিরাপত্তা বলে কি কিছুই নেই এই স্কুলে। জীবন হাতে নিয়ে স্কুলে আসতে হয় ছাত্রছাত্রীদের ৷

        ছাত্রের অভিভাবক মনোরঞ্জন সরকার জানান, এই বিদ্যালয়ের এরকম দুরাবস্থা দীর্ঘদিন ধরেই। এই সমস্যা নিয়ে অনেক বার  কথা বলা হয়েছে স্কুল বোর্ডের কাছে । কিন্তু এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবুও ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে জীবনের  ঝুকি নিয়ে  স্কুলে পাঠাতে হচ্ছে অভিভাবকদের ।

        সুজৈল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সাথি মণ্ডল সরকার জানান, বিদ্যালয়ের শ্রেণী কক্ষের বিপদ জনক অবস্থা থাকায় বর্ষাকালে বারান্দায় পড়ানো হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে এস আই সহ বিভিন্ন আধিকারিকের কাছে বিদ্যালয়ের বেহাল অবস্থার পুনর্নির্মাণ করার জন্য জানানো হয়েছে, তবুও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই স্কুলে প্রায় ১০০ জন ছাত্রছাত্রী পড়াশুনা করে ৷

        এস আই আতিকুয়িল ইসলাম জানান, তিনি এই বিষয়ে অবগত ছিলেন না। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হলে বিদ্যালয় পর্যবেক্ষণ করে দেখবেন এবং প্রয়োজনে নির্দিষ্ট পদক্ষেপ নেবেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/-N581Xoeu6k