উত্তরদিনাজপুর

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছে ধাক্কা বাইক আরোহীর, মৃত দুই


নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছে ধাক্কা লেগে মৃত্যু হল দুই বাইক আরোহীর। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার জোড়ামাড়ি এলাকায় বেঙ্গল টু বেঙ্গল রোডের কাছে। মৃতদের নাম রবিন হাঁসদা (১৭) ও বিমল মুর্মু (২২)। রবিন মহেশপুরের বাসিন্দা ও বিমল খুরকার এলাকার বাসিন্দা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমলের। রবিনকে গুরুতর আহত অবস্থায় রসখোয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 
        
        জানা যায়, রবিন ও বিমল করণদিঘির রসাখোয়া এলাকায় একটি মোটর গ্যারাজে কাজ করতেন। শনিবার বাইকে করে দু’জনে একসাথে ডালখোলার কাছে বেলুয়ায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন বিমল। দু’জনেরই হেলমেট ছিল না। বাইকের গতি বেশি ছিল। তার ফলে নিয়ন্ত্রণ করতে না পেরে বেঙ্গল টু বেঙ্গল রোডের কাছে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে বাইকটি। এরপরেই এই দুর্ঘটনাটি ঘটে ।