দক্ষিনদিনাজপুর

বিশ্ব বিদ্যালয়ের জন্য বালুরঘাটের মাহিনগর এলাকায় জমি পরিদর্শন দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের

গঙ্গারামপুরের পর এবার বালুরঘাটের মাহিনগর এলাকায় বিশ্ব বিদ্যালয়ের জন্য জমি পরিদর্শন করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরের পাঁচ জনের প্রতিনিধি দল বালুরঘাট থানার ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মাহিনগর হাজিপুরে অবস্থিত কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্ব বিদ্যালয়ের জন্য জমি পরিদর্শন করেন।

        জানা যায়, চলতি মাসের ২১ ফেব্রুয়ারি গঙ্গারামপুর স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই গত শনিবার গঙ্গারামপুর সিড ফার্ম (কৃষি দফতর) এলাকার জমি পরিদর্শন করেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। সেখানে বিশ্ববিদ্যালয় তৈরির জন্য ১৫ একর জমি পরিদর্শন করা হয়। এদিকে শনিবারের পর এদিন বালুরঘাটের মাহিনগর হাজিপুর এলাকায় ফের বিশ্ববিদ্যালয়ের জন্য জমি পরিদর্শন করে জেলা প্রশাসন। ভূমি ও রাজ্যস্ব দফতরের পাঁচজনের প্রতিনিধি দল এদিন হাজিপুর এলাকায় অবস্থিতি কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের জমি পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের জন্য ১৫ একর জমি লাগলেও মাহিনগর হাজিপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ৪৩ একর জমি রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। পাশাপাশি জাতীয় সড়কের পাশে হওয়ায় এই জমিটি বিশ্ববিদ্যালয় তৈরির জন্য উপযুক্ত বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

        অন্য দিকে, জেলায় বিশ্ববিদ্যালয় কোথায় হবে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর তরজা শুরু হয়েছে। বিভিন্ন সংগঠন থেকে রাজনৈতিক দল এনিয়ে পথ নামতে শুরু করেছে। গঙ্গারামপুর নয় পরিবেশ ও পরিকাঠামোর দিক থেকে বালুরঘাটই উপযুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য বলে দাবী উঠতে শুরু করেছে। বালুরঘাটে বিশ্ববিদ্যালয় তৈরির জন্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে লিখিত আকারে জানিয়েছেন বালুরঘাটের একটি নাট্যসংস্থা। একশোর বেশী পোস্টকার্ডও পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে বলে জানা গেছে।

        এ বিষয়ে জেলা ভূমি ও রাজ্যস্ব দফতরের অ্যাডভাইসর সুভাষ মহন্ত জানান, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর জেলায় বিশ্ব বিদ্যালয়ের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করছেন তারা। কোথায় কতটা জমি রয়েছে তা তারা দেখছেন। কোথায় বিশ্ব বিদ্যালয় উপযুক্ত তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বলতে পারবেন বলে সুভাষবাবু জানিয়েছেন।