৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি খাবারের হোটেলে অবৈধভাবে মদ বিক্রি করার অভিযোগে হোটেল মালিককে গ্রেফতার করল মালদার বৈষ্ণব নগর থানার পুলিশ। হোটেল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৫০ বোতল দেশি মদ। ঘটনায় ধৃত হোটেল মালিককে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে তোলা হয়।
জানা গেছে, ধৃত ওই হোটেল মালিকের নাম দিলীপ মণ্ডল। কালিয়াচকের পুরাতন ১৬ মাইল এলাকায় মালদা-ফারাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে তাঁর খাবারের হোটেল রয়েছে। সব্জি ভাত সহ রুটি তরকা বিক্রি হত এই হোটেলে। কিন্তু এর আড়ালে অবৈধভাবে চলত দেশি মদ বিক্রির কারবার। এই খবর বেশ কিছু দিন ধরেই বৈষ্ণব নগর থানার পুলিশের কাছে ছিলো। সেই মতো বুধবার রাত্রে বৈষ্ণব নগর থানার পুলিশ ওই হোটেলে হানা দিয়ে তল্লাশি শুরু করে। উদ্ধার হয় ৫০ বোতল দেশি মদ।অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয় ওই হোটেল মালিক দিলীপ মণ্ডলকে। ঘটনার তদন্তে পুলিশ।