মালদা

দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত চার

দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চার জন বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে গাজোল থানার অন্তর্গত মড়াপাড়া এলাকার ৩৪নং জাতীয় সড়কে। বর্তমানে আহতদের মধ্য থেকে দুজন মালদা মেডিক্যাল কলেজে ও দুজন গাজোল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। 

        জানা গিয়েছে, গাজোল হাট থেকে বাইকে করে বাড়ি ফিরছিল মসরুল রহমান এবং শুক্র সেখ। তাদের দুজনের বাড়ি গাজোলের কড়কচ অঞ্চলের বাচাহার এলাকায়। বাড়ি ফেরার পথে মড়াপাড়া এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাইকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনায় দুটি বাইকে থাকা মোট চার জন আহত হন। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে মসরুল রহমান এবং শুক্র সেখের অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসক তাদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করে বলে জানা যায়। 

        এবিষয়ে আহত মসরুল রহমান জানান, বাইকে করে তারা গাজোল হাট থেকে বাড়ি ফিরছিলেন। মড়াপাড়া এলাকায় তাদের বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটে। 

        এবিষয়ে মসরুল রহমানের আত্মীয় সারদাদ হোসেন জানান, একটি মোটর বাইক গাজোল থেকে রনাবাড়ি দিকে যাচ্ছিল। বিপরীত বাইকটি কাণ্ডর থেকে গাজোলের দিকে আসছিল। মড়াপাড়া এলাকায় দুই বাইকের মুখোমুখি ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।