মালদা

বেপরোয়া ট্রাক্টরের চাকায় পিষ্ট দুই বছরের এক শিশু, ঘটনায় উত্তেজনা পুরাতন মালদার সুজাপুর এলাকায়

বেপরোয়া ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে, পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সোলাপুর সুজাপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম ফারাজ সেখ(০২), বাড়ি পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সোলাপুর সুজাপুর এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল দশটা নাগাদ বাড়ির সামনে বসে ৪ জন শিশু খেলা করছিল। হঠাৎ একটি ট্রাক্টর ওই শিশুটিকে পিষে দিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর তড়িঘড়ি পরিবারের লোকেরা ওই শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায়। সেখানে ফারাজের অবস্থা আশঙ্কা জনক দেখে তার পরিবার তাকে মালদা শহরে একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

        এবিষয়ে মৃতর আত্মীয় মহঃ নিজামুদ্দিনের অভিযোগ, বেপরোয়া একটি ট্রাক্টর ফারাজকে পিষে দিয়ে পালিয়ে যায়। তাদের আরও অভিযোগ, বেআইনিভাবে মাটি কাটার কাজে যুক্ত হচ্ছে ট্রাক্টরগুলি। লাইসেন্স ছাড়াই ছোট ছোট ছেলেরা চালাচ্ছে সেই ট্রাক্টর। পুলিশকে বার বার জানিয়েও কোন সুরাহা হয়নি।